
চাকরি নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরকালীন সুযোগ-সুবিধাসহ সাত দফা দাবিতে জোলাইবাড়ি আরডি ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার বা সিডিপিও কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স সংঘের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন আইসিডিএস প্রকল্পের আওতাধীন কর্মীরা অংশ নেন।আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা প্রদান, সমকাজে সমবেতন নিশ্চিত করা, সুপ্রিম কোর্ট ও ত্রিপুরা হাইকোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুইটি ও নিয়মিত পেনশন চালু, মোবাইল ভাতা বৃদ্ধি, পরিপূরক পুষ্টি কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি এবং দীর্ঘদিনের বকেয়া আর্থিক সুবিধা দ্রুত মিটিয়ে দেওয়া।আন্দোলনকারীরা অভিযোগ করেন, দায়িত্ব বাড়লেও সেই তুলনায় আর্থিক সুযোগ-সুবিধা ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে তাঁরা বঞ্চনার শিকার হচ্ছেন।স্মারকলিপিটি সংশ্লিষ্ট সিডিপিও-র মাধ্যমে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশে পাঠানো হয়েছে।
সরকার কর্মীদের সাত দফা দাবি কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে, নাকি রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটেন অঙ্গনওয়াড়ি কর্মীরা—এখন সেদিকেই নজর।