
রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের দলবদলের চর্চা। হেজামারায় অনুষ্ঠিত তিপ্রা মথার যোগদান সভায় বিজেপি ছেড়ে একাধিক পরিবারের সদস্যদের দলে যোগদানের দাবি করল দলীয় নেতৃত্ব।
দলীয় সূত্রের দাবি, সিমনা বিধানসভার বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কলোনি গ্রামের ১২টি পরিবারের ৫৯ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপি ছেড়ে তিপ্রা মথায় যোগ দিয়েছেন।যোগদানকারীদের দলীয় পতাকা পরিয়ে স্বাগত জানান সিমনা ব্লক সভাপতি তথা এমডিসি রবীন্দ্র দেববর্মা, রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা-সহ অন্যান্য নেতৃত্ব।সভায় বক্তব্য রাখতে গিয়ে এমডিসি রবীন্দ্র দেববর্মা দাবি করেন, আগামী দিনের যে কোনও নির্বাচনে তিপ্রা মথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি দলীয় সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এদিকে, দলীয় সূত্র আরও দাবি করেছে, এর আগের দিন ইশানপুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও কয়েকটি পরিবার তিপ্রা মথায় যোগ দিয়েছে।
এই দলবদলের প্রভাব আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কতটা পড়বে এবং বিজেপি এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।