ত্রিপুরা
img

তেলিয়ামুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

খোয়াই জেলা বিজেপির নতুন সভাপতি সমীর কুমার দাসের একদিনের প্রবাস ঘিরে তেলিয়ামুড়ায় সাংগঠনিক বৈঠক। দলীয় সংগঠন মজবুত করা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে কর্মীদের সঙ্গে আলোচনা করল নেতৃত্ব। ত্রিপুরা প্রদেশ বিজেপির নির্দেশক্রমে একদিনের প্রবাসে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে এলেন খোয়াই জেলা বিজেপির নবনিযুক্ত সভাপতি সমীর কুমার দাস।তাঁর সফরকে কেন্দ্র করে ২৮ তেলিয়ামুড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক।বৈঠকে তেলিয়ামুড়া বিধানসভা এলাকার বিভিন্ন স্তরের দলীয় পদাধিকারী ও কর্মীদের সঙ্গে সংগঠনের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং তৃণমূল স্তরে সংগঠন আরও শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়।প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে জেলা সভাপতি সমীর কুমার দাস দলীয় কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা, জনসংযোগ বৃদ্ধি এবং দলের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী সাহা রায়, খোয়াই জেলা বিজেপির সহ-সভাপতি নিতীন কুমার সাহা, তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্য-সহ জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ব।বৈঠকের শেষে বুথভিত্তিক সংগঠন আরও মজবুত করা এবং আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি সফল করার জন্য দলীয় কর্মীদের একাধিক নির্দেশনা দেওয়া হয়।