
খোয়াইয়ের কৃষকদের জন্য স্বস্তির খবর। সরকারি সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করল খাদ্য ও জনসংভরণ দপ্তর। চলতি মরশুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে বৃহস্পতিবার খোয়াই মহকুমায় সহায়ক মূল্যে ধান ক্রয় কার্যক্রমের সূচনা হয়েছে।ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংভরণ দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় খোয়াইয়ের অফিসটিলা খাদ্য গোডাউনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু ভট্টাচার্য, মহকুমা শাসক নির্মল কুমার ঝাঁ-সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মরশুমে প্রতি কেজি ধানের সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে ২৩ টাকা ৬৯ পয়সা। মোট ১২০০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর মধ্যে অফিসটিলা খাদ্য গোডাউন থেকে ৯০০ মেট্রিক টন এবং রামচন্দ্রঘাট খাদ্য গোডাউন থেকে ৩০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।সরকারি নিয়ম মেনেই কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।