ত্রিপুরা
img

স্কুলে বেঞ্চের বদলে মেঝেতে  বসে ক্লাস ! বিতর্কের মুখে প্রশাসন।"

উদয়পুর মহকুমার হীরাপুর হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির ৩৩ জন ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে কার্পেট পেতে মেঝেতে বসেই পাঠ গ্রহণ করছে।অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সত্যিই শ্রেণিকক্ষে বেঞ্চে নয়, মেঝেতেই চলছে পড়াশোনা। বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ২০০ এবং শিক্ষক রয়েছেন ১০ জন। এদিন কয়েকটি শ্রেণিকক্ষ তালাবদ্ধ অবস্থায়ও দেখা যায়।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা নন্দী জানান, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাবেই এই পরিস্থিতি। তাঁর দাবি, বিদ্যালয়টি দুই শিফটে পরিচালিত হয়। সকালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস হয় ওই কক্ষে এবং 'নিপুণ ত্রিপুরা' কর্মসূচির নির্দেশিকা অনুযায়ী ছোটদের মেঝেতে বসিয়ে পাঠদান করা হয়। একই কক্ষে দুপুরে ষষ্ঠ শ্রেণির ক্লাস হওয়ায় প্রতিদিন বেঞ্চ সরানো সম্ভব হয় না। তাই গত প্রায় দুই বছর ধরে কার্পেটেই ক্লাস চলছে। অতিরিক্ত শ্রেণিকক্ষের জন্য শিক্ষা দপ্তরে আবেদন করা হলেও এখনও ব্যবস্থা হয়নি বলেও জানান তিনি।অন্যদিকে, সাংবাদিকদের বিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে অনুমতির প্রসঙ্গও তোলেন প্রধান শিক্ষিকা।পরে গোমতী জেলার শিক্ষা অধিকর্তা সুবীর মজুমদার জানান, সাংবাদিকদের বিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞার কোনও নির্দেশ শিক্ষা দপ্তর দেয়নি। বিষয়টি জানার পর তিনি প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন এবং মঙ্গলবার থেকেই ষষ্ঠ শ্রেণির জন্য পৃথক শ্রেণিকক্ষে পাঠদানের ব্যবস্থা করার নির্দেশ দেন।