
কমলাসাগর বিধানসভার মধুপুর বর্ধনপাড়া এলাকার বাসিন্দা ও পান ব্যবসায়ী নিবাস রায় গত দশ দিন ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে বাড়ির কাছের একটি পুকুর থেকে উদ্ধার হলো তাঁর নিথর দেহ।
পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মধুপুর থানায় একটি নিখোঁজ ডায়েরিও দায়ের করা হয়। পাশাপাশি সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমেও তাঁর নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করা হয়। রবিবার বিকেলে বাড়ির কাছের একটি পুকুরে ভাসমান অবস্থায় তাঁর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মধুপুর থানার পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরপাড়ে পড়ে ছিল নিবাস রায়ের জামা ও গামছা। এই ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা জল্পনা। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনও ঘটনার ফল—তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নিখোঁজের দশ দিন পর মিলল নিথর দেহ। কিন্তু এই মৃত্যুর নেপথ্যে কী রয়েছে? আত্মহত্যা, নাকি অন্য কোনও রহস্য? সেই উত্তর এখন তদন্তের হাতেই।