
উন্নয়নের স্বপ্ন, নাকি কাজের মান নিয়ে বড় প্রশ্ন? ত্রিপুরার লাইফলাইন হিসেবে পরিচিত জাতীয় সড়ক-৮-এর একাধিক অংশে ফোর লেনের কাজ শেষ হলেও দেখা দিয়েছে বেহাল পরিস্থিতি। রাস্তার গর্ত আর ভাঙাচোরা অংশ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
দেশের পরিকাঠামো উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ হিসেবে জাতীয় সড়ক-৮-এর মুঙ্গিয়াকামি বাজার থেকে ৪৮ চামলছড়া পর্যন্ত অংশ ফোর লেনে রূপান্তর করা হয়েছে। কিন্তু কাজ শেষ হওয়ার পরও রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, ভাঙাচোরা পিচ এবং অসমতল পথ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণের পর অল্প সময়ের মধ্যেই একাধিক জায়গায় সমস্যা দেখা দিয়েছে। কোথাও পিচ উঠে গিয়ে তৈরি হয়েছে গভীর গর্ত, আবার কোথাও রাস্তার উপরিভাগ ভেঙে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় গর্তে জল জমে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।গাড়িচালকদের অভিযোগ, প্রতিদিন এই পথে চলাচল করতে গিয়ে ঝুঁকি নিতে হচ্ছে তাঁদের। ছোট গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক—সব যানবাহনকেই ক্ষতিগ্রস্ত অংশ এড়িয়ে চলতে হচ্ছে। এতে যেমন গাড়ির ক্ষতি হচ্ছে, তেমনই বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা।স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণের মান নিয়ন্ত্রণ, কাজের তদারকি এবং রক্ষণাবেক্ষণের বিষয়টি খতিয়ে দেখা জরুরি। দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।তাঁদের দাবি, নিম্নমানের কাজের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক।ফোর লেনের নামে তৈরি রাস্তার এমন দুরবস্থা কেন? কাজের মান নিয়ে ওঠা প্রশ্নের জবাব মিলবে কবে? এখন সেই দিকেই তাকিয়ে মুঙ্গিয়াকামি থেকে ৪৮ চামলছড়ার সাধারণ মানুষ।
উন্নয়নের রাস্তায় বেহাল দশা, নিম্নমানের কাজের অভিযোগে ক্ষোভ