
ত্রিপুরার রাবার চাষে নতুন উদ্বেগ। মোহনপুরের ব্রহ্মকুণ্ড এলাকায় অজানা রোগে আক্রান্ত হচ্ছে একের পর এক রাবার গাছ। গাছ শুকিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা।
মোহনপুর বিধানসভার ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাবার গাছে দেখা দিয়েছে এক ধরনের ফাঙ্গাসজনিত রোগ। প্রথমে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এরপর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে ডালপালা, শেষ পর্যন্ত মারা যাচ্ছে পুরো গাছ। প্রত্যুষ কান্তি শ্যাম ও তাপস শ্যামসহ একাধিক রাবার চাষির বাগানে এই রোগের প্রভাব দেখা গেছে। স্থানীয়দের দাবি, সমতল এলাকার প্রায় ২৫ থেকে ৪০ জন চাষির কয়েকশো কানি রাবার বাগান ইতিমধ্যেই এই সমস্যায় আক্রান্ত।রাবার চাষি প্রত্যুষ কান্তি শ্যাম বিষয়টি নিয়ে রাবার বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। রাবার বোর্ডের পক্ষ থেকে আক্রান্ত চাষিদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাবার চাষই বহু পরিবারের জীবিকার প্রধান ভরসা। এবার ড্রোনে ওষুধ স্প্রে করে এই রোগ নিয়ন্ত্রণে কতটা সফল হয় রাবার বোর্ড, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন চাষিরা।