
রাজ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে বাড়তে থাকা অপরাধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবার সরাসরি ডিজিপির দ্বারস্থ হল অল ইন্ডিয়া লইয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস, ত্রিপুরা ইউনিট। একাধিক মামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবিতে পুলিশ সদর দপ্তরে জমা দেওয়া হলো গণডেপুটেশন। বুধবার সংগঠনের পক্ষ থেকে ডিজিপির কাছে একাধিক নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি জানানো হয়।সংগঠনের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলার দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি তদন্তের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ, দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারগুলিকে যথাযথ নিরাপত্তা ও আইনি সহায়তা দেওয়ার বিষয়েও জোর দেওয়া হয়।গণডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কনভেনর অ্যাডভোকেট মৃন্ময় দাস, বিশিষ্ট সমাজকর্মী স্বপন বনিক এবং বিভিন্ন আক্রান্ত পরিবারের প্রতিনিধিরা। তাঁরা অভিযোগ করেন, বহু সংবেদনশীল মামলায় তদন্ত ও বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতার শিকার হচ্ছে, ফলে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে হতাশা বাড়ছে।সংগঠনের দাবি, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় ও সংবেদনশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সকল অভিযোগে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়। এখন এই দাবিগুলির প্রেক্ষিতে পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই নজর থাকবে। ডিজিপির কাছে দাবি পৌঁছেছে, এবার নজর— তদন্তে কতটা দ্রুত এগোয় প্রশাসন। নারী-শিশু নির্যাতন মামলায় দ্রুত পদক্ষেপের দাবি জানাল সংগঠন