
ভক্তি, বিশ্বাস আর উৎসবের আবহে বৃহস্পতিবার পালিত হবে পবিত্র রথযাত্রা। কুমারঘাটজুড়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। ইসকন মন্দির থেকে ব্যক্তিগত উদ্যোগ— সর্বত্রই চলছে রথ সাজানোর ব্যস্ততা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করবেন মহাপ্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় রথযাত্রাকে ঘিরে এখন উৎসবের আমেজ। ইসকন পরিচালিত জগন্নাথ মন্দিরে শেষ পর্যায়ে চলছে কাঠের রথ নির্মাণ, রং ও সাজসজ্জার কাজ। সরকারি নির্দেশিকা মেনে তৈরি হচ্ছে নতুন রথ। শুধু মন্দিরেই নয়, ফটিকরায়ের রাজনগর গ্রামেও ব্যক্তিগত উদ্যোগে তৈরি হচ্ছে আকর্ষণীয় রথ। একটি ছোট্ট স্বপ্ন থেকেই শুরু হওয়া এই উদ্যোগ আজ এলাকাবাসীর ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিবছরের মতো এবারও বহু ভক্ত ও গ্রামবাসী রথ টানতে অংশ নেবেন। উদ্যোক্তাদের আশা, এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে রথযাত্রা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত কারিগর, স্বেচ্ছাসেবক ও ভক্তরা। রথে চড়ে মহাপ্রভুর শুভযাত্রা... কুমারঘাটে এবার কতটা জমবে রথের উৎসব? নজর থাকবে সেই ছবির দিকেই। রথ তৈরির শেষ প্রস্তুতি, ভক্তদের অপেক্ষা মহাপ্রভুর শুভযাত্রায় আজ