
ধর্মনগর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম দেখে ক্ষোভ প্রকাশ করলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। উপচে পড়া আবর্জনা থেকে হাসপাতাল চত্বরে রোগীদের কাপড় ধোয়া—সবকিছু নিয়েই প্রশ্ন তুললেন তিনি। উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালে মঙ্গলবার দুপুরে আকস্মিক পরিদর্শনে যান ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী।হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও চত্বর ঘুরে দেখার সময় তিনি লক্ষ্য করেন, একাধিক ডাস্টবিন আবর্জনায় উপচে পড়েছে। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গেই পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজারের কাছে কৈফিয়ত চান তিনি। তবে দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট হননি বিধায়ক।এরপর হাসপাতালের পিছনের অংশে গিয়ে তিনি দেখেন, রোগীদের ব্যবহৃত বেডশিট, চাদর ও অন্যান্য কাপড় হাসপাতাল চত্বরের মধ্যেই ধোয়া হচ্ছে। বিষয়টি নিয়ে মেডিক্যাল সুপার ডা. ভাস্কর ভট্টাচার্যের সঙ্গে কথা বললেও সন্তোষজনক উত্তর পাননি বলে অভিযোগ করেন তিনি।বিধায়কের বক্তব্য, হাসপাতালের কাপড় নির্ধারিত স্থানে পরিষ্কার করা উচিত। হাসপাতাল প্রাঙ্গণে এভাবে কাপড় ধোয়া স্বাস্থ্যবিধি ও নিয়মের পরিপন্থী।পরিদর্শন শেষে জহর চক্রবর্তী জানান, মানুষের স্বার্থে সরকারি পরিষেবার মান বজায় রাখতে তিনি নিয়মিত নজরদারি চালিয়ে যাবেন। কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থা বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। বিধায়কের কড়া নজরদারির পর এবার হাসপাতাল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে ধর্মনগরের মানুষ। আকস্মিক পরিদর্শনে ধরা অনিয়ম, কড়া বার্তা বিধায়কের