ত্রিপুরা
img

সাব্রুমে নাবালিকার রহস্যমৃত্যু, তদন্তে ফরেনসিক দল

সাব্রুমে এক নাবালিকার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ ও ফরেনসিক দল। দক্ষিণ ত্রিপুরার সাব্রুম থানার অন্তর্গত ছোটখিল বিজয়নগর এলাকায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত নাবালিকার নাম অপ্সরা গড়। তিনি বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সন্দেহ করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সাব্রুম মহকুমা হাসপাতাল থেকে অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়ার পর তদন্ত শুরু হয়। বর্তমানে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।ঘটনার গুরুত্ব বিবেচনায় বিলোনিয়া থেকে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।এ বিষয়ে সাব্রুম থানার এসআই কানু রঞ্জন দেব জানান, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই সমস্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আত্মহত্যা, নাকি অন্য কোনও কারণ? ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টেই মিলবে সেই প্রশ্নের উত্তর। ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় পরিবার, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও ফরেনসিক