ত্রিপুরা
img

বিলোনিয়ায় যানজটে নাজেহাল সাধারণ মানুষ

ব্যস্ততম সড়কে প্রতিদিনের যানজটে অতিষ্ঠ বিলোনিয়াবাসী। ট্রাফিক নিয়ন্ত্রণে অব্যবস্থা ও দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে সরব সাধারণ মানুষ। হাসপাতাল, ব্যাংক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এলাকায় যানজট যেন নিত্যদিনের ছবি। প্রশ্ন উঠছে, কবে মিলবে এই সমস্যার স্থায়ী সমাধান? ব্যস্ত রাজপথ, অথচ যানজটে থমকে যাচ্ছে স্বাভাবিক জীবন। বিলোনিয়া শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে প্রতিদিনের যানজটে নাজেহাল সাধারণ মানুষ। অভিযোগ, ট্রাফিক ব্যবস্থাপনার অভাবেই বাড়ছে দুর্ভোগ। বিলোনিয়ার ১ নম্বর টিলা হাসপাতাল কর্নার থেকে স্টেট ব্যাংক পর্যন্ত এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগেই থাকছে যানজট। সমস্যায় পড়ছেন পথচারী, অফিস কর্মী, স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সাধারণ নাগরিকরা। স্থানীয়দের অভিযোগ, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক কর্মী মোতায়েন থাকলেও অনেক সময় তাঁদের সক্রিয় ভূমিকা দেখা যায় না। অভিযোগ উঠেছে, দায়িত্বে থাকা কর্মীরা যান নিয়ন্ত্রণের পরিবর্তে অন্য কাজে ব্যস্ত থাকেন।এদিকে ব্যস্ত সড়কে যত্রতত্র অটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা, বড় গাড়ি দিয়ে মালপত্র লোড-আনলোড এবং রাস্তার উপর অব্যবস্থাপনার কারণেই পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে দাবি স্থানীয়দের।মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আগে কিছু নিয়ম চালু করা হলেও বর্তমানে সেই নিয়মের কার্যকর নজরদারি নেই বলেই অভিযোগ। ফলে প্রতিদিনের যানজট থেকে মুক্তি পাচ্ছেন না শহরবাসী।এখন দেখার, এই অভিযোগের পর প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় এবং বিলোনিয়ার যানজট সমস্যা কবে নিয়ন্ত্রণে আসে। যানজটের যন্ত্রণা কি এবার শেষ হবে, নাকি চলবে একই দুর্ভোগের ছবি? ট্রাফিক নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ, ব্যস্ত সড়কে বাড়ছে দুর্ভোগ