
রাস্তা নয়, যেন মরণফাঁদ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা। ভাঙা কালভার্ট, বড় বড় গর্ত আর ঝুঁকিপূর্ণ যাতায়াতে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত সংস্কারের দাবিতে সরব এলাকাবাসী। মেরামতের অভাবে ধীরে ধীরে মরণফাঁদে পরিণত হয়েছে বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা।আগরতলা-বামুটিয়া প্রধান সড়ক থেকে মণিপুরি পাড়া পর্যন্ত যাওয়ার এই ইটের সলিং রাস্তা দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।রাস্তার কালভার্ট ভেঙে পড়েছে, তৈরি হয়েছে বড় বড় গর্ত, এমনকি দু’পাশের ইটও ধসে যাচ্ছে। ফলে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এই রাস্তা দিয়েই স্কুল-কলেজ পড়ুয়া, রোগীসহ সাধারণ মানুষ যাতায়াত করেন। কিন্তু বর্ষার সময় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। জরুরি পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স কিংবা দমকলের গাড়ি প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে।এলাকাবাসীর আরও অভিযোগ, একাধিকবার রাস্তার মাপঝোঁক করা হলেও আজও শুরু হয়নি সংস্কারের কাজ। এমনকি এই রাস্তা দিয়ে পঞ্চায়েতের উপপ্রধানের বাড়ি যাওয়ার পথ হলেও সমস্যার সমাধান হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।এখন দ্রুত রাস্তা সংস্কারে প্রশাসন কবে উদ্যোগ নেয়, সেই অপেক্ষাতেই রয়েছেন পূর্ব বামুটিয়ার বাসিন্দারা। ভাঙা রাস্তা আর ঝুঁকিপূর্ণ যাতায়াতের মাঝে প্রশ্ন একটাই—কবে কাটবে বামুটিয়ার এই দুর্ভোগ?