
রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ এবার রাস্তায়। রাখালতলী থেকে জয়ন্তী বাজার পর্যন্ত দীর্ঘদিনের সমস্যার অভিযোগ তুলে সোমবার সড়ক অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দ্রুত রাস্তা সংস্কারের দাবি এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে রাখালতলী থেকে জয়ন্তী বাজার পর্যন্ত রাস্তার দুরবস্থা নিয়ে ক্ষোভ জমছিল এলাকাবাসীর মধ্যে। অবশেষে সোমবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সড়ক অবরোধের মাধ্যমে।সালেমা ব্লকের অন্তর্গত লাল দেবেন্দ্র পাড়ায় রাস্তা অবরোধ করে দ্রুত সংস্কারের দাবি জানান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যার কথা জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি।স্থানীয়দের আরও অভিযোগ, রাস্তার বেহাল পরিস্থিতির কারণে প্রতিদিন সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলেও দাবি তাঁদের।এলাকাবাসী অভিযোগ করেন, পঞ্চায়েত প্রধান নিশিকান্ত দেবনাথের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও শুধুই সময়ক্ষেপণ করা হয়েছে। দ্রুত রাস্তা সংস্কারের দাবিতেই তাঁরা বাধ্য হয়ে পথে নেমেছেন বলে জানান।অবরোধের খবর পেয়ে প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। এখন দেখার, দীর্ঘদিনের এই রাস্তার সমস্যা সমাধানে কবে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ আর প্রতিশ্রুতির মাঝেই আটকে রাস্তার ভবিষ্যৎ—এবার কি মিলবে স্থায়ী সমাধান, সেই অপেক্ষায় রাখালতলী-জয়ন্তী বাজারের মানুষ। বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ, অবরোধে উত্তাল লাল দেবেন্দ্র পাড়া