ত্রিপুরা
img

খোয়াই নদীতে বন্যার আশঙ্কা বাড়ছে

দু-তিন দিনের টানা ভারী বৃষ্টিতে উদ্বেগ বাড়ছে কল্যাণপুরে। দ্রুত বাড়ছে খোয়াই নদীর জলস্তর। ইতিমধ্যেই একাধিক নিচু এলাকায় ঢুকতে শুরু করেছে নদীর জল। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন। কিন্তু বৃষ্টি যদি না থামে, তাহলে কী অপেক্ষা করছে? অবিরাম ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কল্যাণপুরের বিস্তীর্ণ এলাকা। দ্রুত বাড়ছে খোয়াই নদীর জলস্তর, যার জেরে নদী তীরবর্তী এলাকায় তৈরি হয়েছে বন্যার আশঙ্কা।ঘিলাতলী, দক্ষিণ ঘিলাতলী, কচুপাড়া-সহ একাধিক নিচু এলাকায় ইতিমধ্যেই নদীর জল ঢুকতে শুরু করেছে। ফলে আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। চাষের জমি জলমগ্ন হয়ে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। নিরাপদ স্থানে আশ্রয় শিবির খোলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে চলছে মাইকিং ও সচেতনতামূলক প্রচার।প্রশাসনের দাবি, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকারী দল, ত্রাণ সামগ্রী এবং প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। এখন সব নজর আকাশের দিকে। যদি বৃষ্টি আরও বাড়ে, তাহলে কি কল্যাণপুরে তৈরি হবে পূর্ণাঙ্গ বন্যা পরিস্থিতি? নদীর জলস্তর কোথায় গিয়ে থামে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।