
তাজমহল কি আদতে ‘তেজো মহালয়’? নাকি এটি মুঘল আমলের সমাধিসৌধ? বহুদিনের বিতর্কে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্র সরকার ও এএসআই-এর কাছে হলফনামা চাইল এলাহাবাদ হাই কোর্ট। তাজমহলকে ঘিরে বহুদিনের বিতর্কে নতুন মোড়। ‘তাজমহল আসলে তেজো মহালয়, অর্থাৎ একটি প্রাচীন শিব মন্দির’—এই দাবিকে ঘিরে দায়ের হওয়া একটি মামলায় কেন্দ্র সরকার এবং আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই-এর কাছে হলফনামা চেয়েছে এলাহাবাদ হাই কোর্ট।আইনজীবী হরি শঙ্কর জৈন ও কয়েকজন আবেদনকারী আদালতে দাবি করেছেন, তাজমহলের স্থাপত্যে এমন বহু প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক বৈশিষ্ট্য রয়েছে, যা এটি একটি মন্দির ছিল বলে ইঙ্গিত করে। তাঁদের বক্তব্য, বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করতে আদালতের তত্ত্বাবধানে স্মৃতিসৌধ পরিদর্শন, ছবি তোলা এবং ভিডিওগ্রাফির জন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করা হোক।আবেদনকারীরা আরও দাবি করেছেন, তাজমহলকে একটি হিন্দু মন্দির হিসেবে ঘোষণা করা হোক এবং সেখানে পূজা-অর্চনার অনুমতি দেওয়া হোক। সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদের অধীনে ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে বলেও তাঁদের দাবি।অন্যদিকে, আদালত এখনও এই দাবিগুলির সত্যতা সম্পর্কে কোনও পর্যবেক্ষণ বা রায় দেয়নি। আপাতত কেন্দ্র সরকার ও এএসআই-কে তাদের অবস্থান জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানিতে বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে।তাজমহল নিয়ে এই বিতর্কে আদালতের পরবর্তী পদক্ষেপ কী হবে? এখন সেই দিকেই নজর দেশবাসীর। তেজো মহালয় দাবিতে কেন্দ্র-এএসআইকে হলফনামার নির্দেশ আদালতের