
উপজাতি ছাত্রছাত্রীদের আবাসিক পরিকাঠামো ও সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে আমবাসায় বিভিন্ন ছাত্রাবাস পরিদর্শন করলেন উপজাতি ছাত্রাবাসের চেয়ারম্যান বিদ্যুৎ দেববর্মা। উপজাতি কল্যাণ দপ্তরের পরিচালনাধীন সরকারি ও বেসরকারি ছাত্রাবাস ঘুরে তিনি আবাসন, রান্নাঘর, পরিচ্ছন্নতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যুৎ দেববর্মা জানান, অধিকাংশ ছাত্রাবাসের ব্যবস্থাপনা সন্তোষজনক হলেও কিছু ক্ষেত্রে আরও উন্নয়নের প্রয়োজন রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।এছাড়াও ছাত্রাবাসগুলোকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তোলার ওপর জোর দেন তিনি। সরকারের লক্ষ্য, আবাসিক ছাত্রছাত্রীদের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা। পরিদর্শনের পর ছাত্রাবাসগুলিতে কী কী নতুন উন্নয়ন হয়, এখন সেদিকেই নজর।