ত্রিপুরা
img

সরমা বাজারে দুঃসাহসিক চুরি, ক্ষোভ ব্যবসায়ীদের

গভীর রাতে দুঃসাহসিক চুরি। দোকানের পিছনের দরজা ভেঙে নগদ টাকা, মালপত্র ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে চম্পট চোরের দল। অভিযোগ, থানায় খবর দেওয়ার পরও দীর্ঘ সময় ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ। গণ্ডাছড়ার নারায়ণপুর সরমা বাজারে এক দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।অভিযোগ, গভীর রাতে দোকানের পিছনের দরজা ভেঙে ভিতরে ঢুকে নগদ টাকা, মালপত্র এবং গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালিয়ে যায় চোরের দল।মঙ্গলবার সকালে দোকান খুলে সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান দোকান মালিক গণেশচন্দ্র বিশ্বাস। তাঁর দাবি, নগদ টাকা ও মালপত্র মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ক্যাশ বাক্সে রাখা রেশন কার্ডও খোয়া গেছে বলে অভিযোগ।ঘটনার খবর সকালেই গণ্ডাছড়া থানায় জানানো হলেও বিকেল পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ দোকান মালিকের। যদিও পুলিশের দাবি, পরে ঘটনাস্থল পরিদর্শন করা হবে।এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। দ্রুত তদন্ত করে চোরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। চুরির কিনারা কত দ্রুত হয়? আর পুলিশের তদন্তে কী উঠে আসে, এখন সেদিকেই নজর এলাকাবাসীর।