
উপহার নয়, ভালোবাসা আর মানবিকতার বার্তা নিয়েই নীলা জ্যোতি সেবাশ্রমে পৌঁছালেন মন্ত্রী রতন লাল নাথ। অনাথ ও অসহায় শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি মেধাবী পড়ুয়াদের সম্মানিতও করলেন তিনি।
অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এবং মানবিকতার বার্তা পৌঁছে দিতে নীলা জ্যোতি সেবাশ্রমে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ।সেবাশ্রমে গিয়ে শিশুদের সঙ্গে দীর্ঘ সময় কাটান তিনি। তাদের খোঁজখবর নেন, কথা বলেন এবং ভবিষ্যতে সুখে-দুঃখে পাশে থাকার আশ্বাস দেন।এদিন এবারের মাধ্যমিক পরীক্ষায় ৮৭ শতাংশ নম্বর পেয়ে কৃতিত্ব অর্জনকারী সেবাশ্রমের ছাত্র আকাশ দেবনাথকে একটি মোবাইল ফোন উপহার দেন মন্ত্রী। পাশাপাশি মাধ্যমিক উত্তীর্ণ আরও চারজন শিক্ষার্থীর হাতে তুলে দেন স্কুল ব্যাগ ও অ্যালার্ম ক্লক।শিশুদের জন্য রাজ্যের বিখ্যাত কুইন আনারস ও রসালো আমও উপহার দেন তিনি। ফল হাতে পেয়ে খুশিতে মুখর হয়ে ওঠে সেবাশ্রমের পরিবেশ।এসময় মন্ত্রী রতন লাল নাথ বলেন, এই শিশুরাই আগামী দিনের সম্পদ। তাদের শিক্ষা, বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে রাজ্য সরকার সর্বদা পাশে থাকবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাশ্রমের কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।