
তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এলাকায় সন্ধ্যা নামলেই নেমে আসে আতঙ্ক। বন্য দাতাল হাতির হানায় একের পর এক ভাঙছে ঘর, নষ্ট হচ্ছে ফসল, হারিয়ে যাচ্ছে মানুষের জীবিকা। দীর্ঘদিন ধরেও মিলছে না স্থায়ী সমাধান।
তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় সন্ধ্যা নামলেই নেমে আসে আতঙ্ক। বন্য দাতাল হাতির হানার ভয়ে প্রায় ৭০টি পরিবারের রাত কাটে নির্ঘুম।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেও সমস্যার স্থায়ী সমাধান মেলেনি। সাময়িক উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।হাতির তাণ্ডবে ভেঙেছে একাধিক বাড়ি, নষ্ট হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। অতীতে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে দাবি এলাকাবাসীর। ফলে বনদপ্তরের ভূমিকা নিয়ে বাড়ছে ক্ষোভ।কৃষিনির্ভর বহু পরিবার ফসল হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। তাই মানুষের জীবন ও জীবিকা রক্ষায় দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষ্ণপুরের বাসিন্দারা।
কৃষ্ণপুরে কি থামবে বন্য দাতালের তাণ্ডব? নাকি আরও এক রাত, আরও এক নতুন বিপর্যয়ের সাক্ষী হতে চলেছে এই এলাকা? উত্তর এখন প্রশাসনের পদক্ষেপেই।