ত্রিপুরা
img

অভিযোগের পরও নীরব বাইখোড়া থানার পুলিশ

মুহুরীপুর বাজারে এক ব্যক্তির ওপর হামলার অভিযোগ। ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি আক্রান্তের। এরপরই ন্যায়বিচারের দাবিতে থানায় বিক্ষোভ দেখান এলাকাবাসী। 
দক্ষিণ ত্রিপুরার মুহুরীপুর বাজারে হামলার শিকার হওয়ার অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দা সৌরভ নন্দী। অভিযোগ, গত ১ জুলাই কয়েকজন ব্যক্তি তাঁকে প্রকাশ্যে মারধর করেন। ঘটনায় আহত হওয়ার পর ২ জুলাই বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।অভিযোগ, অভিযোগপত্রে অভিযুক্তদের নাম উল্লেখ করা হলেও কয়েকদিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। এরপর সংবাদমাধ্যমের সামনে এসে ক্ষোভ উগরে দেন আক্রান্ত ব্যক্তি।সৌরভ নন্দীর দাবি, সামাজিক মাধ্যমে এক রাজনৈতিক নেতাকে শুভেচ্ছা জানানোর জেরেই তাঁর ওপর হামলা চালানো হয়। এই ঘটনায় প্রাণনাশের চেষ্টার অভিযোগও তুলেছেন তিনি।রবিবার এলাকাবাসীদের একাংশকে সঙ্গে নিয়ে বাইখোড়া থানায় যান আক্রান্ত ব্যক্তি। সেখানে ওসির সঙ্গে দেখা করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি থানার এক কর্তব্যরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধেও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়েছে।যদিও এই অভিযোগগুলির বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। আক্রান্ত ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।
অভিযোগের ভিত্তিতে কি এবার নড়েচড়ে বসবে পুলিশ? নাকি বিচার পাওয়ার লড়াই আরও দীর্ঘ হবে—সেদিকেই এখন নজর মুহুরীপুরবাসীর।