
বিশুদ্ধ পানীয় জলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর। দীর্ঘদিনের জলসংকটের প্রতিবাদে পথ অবরোধে নামলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল। পরে প্রশাসনের আশ্বাসে উঠে যায় অবরোধ।
বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর-সাখাইবাড়ি সড়ক। ধর্মনগর মহকুমার সরকারি গ্রাম এলাকা ও ১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের জলসংকটের অভিযোগকে সামনে রেখে পথ অবরোধে সামিল হন কংগ্রেস কর্মী-সমর্থকরা।অবরোধের ফলে কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ এবং জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা। আন্দোলনকারীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।ডিডাব্লিউএস দপ্তরের পক্ষ থেকে আগামী ১৫ দিনের মধ্যে পানীয় জলের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ট্যাঙ্কারের মাধ্যমে নিয়মিত পানীয় জল সরবরাহের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।এই আশ্বাসের পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা এবং স্বাভাবিক হয় যান চলাচল। তবে কংগ্রেস নেতৃত্বের হুঁশিয়ারি, নির্ধারিত সময়ের মধ্যে সমস্যা মিটতে না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।
১৫ দিনের প্রতিশ্রুতি—এবার কি সত্যিই মিলবে বিশুদ্ধ পানীয় জল, নাকি ফের আন্দোলনের আগুনে উত্তপ্ত হবে ধর্মনগর?