
সরকারি কোয়ার্টার দখলকে ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, মোহনপুর মহকুমার ইশানপুরে বিদ্যাসাগর উপ-স্বাস্থ্য কেন্দ্রের একটি সরকারি কোয়ার্টার দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন পোস্ট অফিসের এক কর্মী। কোয়ার্টারটি বর্তমানে পরিত্যক্ত ও ভগ্নদশায় পড়ে থাকলেও এখনও তা খালি করা হয়নি বলে অভিযোগ। মোহনপুর মহকুমার সিমনা বিধানসভার ইশানপুর এলাকায় বিদ্যাসাগর উপ-স্বাস্থ্য কেন্দ্রের একটি সরকারি কোয়ার্টারকে ঘিরে উঠেছে দখলের অভিযোগ।স্থানীয়দের দাবি, পোস্ট অফিসের কর্মী হিসেবে পরিচিত কেশব দাস দীর্ঘদিন ধরে কোয়ার্টারটি নিজের দখলে রেখেছেন। অভিযোগ, বর্তমানে তিনি সেখানে নিয়মিত বসবাস করেন না এবং অধিকাংশ সময় আগরতলায় থাকেন।স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সরকারি কোয়ার্টারটি ভগ্নদশায় পরিণত হয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে চারপাশে জঙ্গল গজিয়েছে এবং সাপের উপদ্রবও বেড়েছে বলে দাবি তাঁদের।এলাকাবাসীর প্রশ্ন, যদি সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমানে ওই কোয়ার্টারে না থাকেন কিংবা অন্যত্র কর্মরত থাকেন, তাহলে কীভাবে এখনও সরকারি আবাসনটি তাঁর দখলে রয়েছে?তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি কেশব দাস বা ডাক বিভাগের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকারি কোয়ার্টারটি কি সত্যিই নিয়মবহির্ভূতভাবে দখলে রয়েছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও প্রশাসনিক কারণ? এখন সেই উত্তর খুঁজছে এলাকাবাসী।