
ধ্বংসস্তূপের নিচে টানা ৩২ ঘণ্টা। সঙ্গে মাত্র ১৯ দিনের নবজাতক। সব আশাই যখন প্রায় শেষ, তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। জীবিত অবস্থায় উদ্ধার হলেন মা ও তাঁর শিশু। ভেনিজুয়েলার উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন এক তরুণী ও তাঁর ১৯ দিনের নবজাতক। টানা ৩২ ঘণ্টা পর জীবিত অবস্থায় তাঁদের উদ্ধার করেন উদ্ধারকারী দল।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে বাইরে নিয়ে আসছেন। শিশুটির পরনে ছিল শুধু একটি ডায়াপার এবং গায়ে জড়ানো ছিল একটি কম্বল।এর কিছুক্ষণ পরই উদ্ধার করা হয় শিশুটির মাকেও। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও দু'জনের জীবিত উদ্ধারকে অনেকেই অলৌকিক বলেই মনে করছেন।এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারী দলের তৎপরতা ও সাহসিকতার প্রশংসা করছেন বহু মানুষ।কীভাবে ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে টিকে রইল মা ও ১৯ দিনের শিশু? সেই উত্তর খুঁজতেই এখন চলছে তদন্ত, আর বিশ্বজুড়ে আলোচনায় এই অলৌকিক উদ্ধার।