
গ্রামীণ কর্মসংস্থানকে আরও শক্তিশালী করতে কেন্দ্রের নতুন উদ্যোগ 'বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)' বা VBGRAM-এর আনুষ্ঠানিক সূচনা হলো গোমতী জেলায় ।নতুন প্রকল্পে বাড়ানো হয়েছে দৈনিক মজুরি, পাশাপাশি বেড়েছে গ্যারান্টিযুক্ত কাজের দিনও।কেন্দ্রের নতুন ‘ভিবি-জি রাম জি’প্রকল্পের আওতায় গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থায় যুক্ত হলো নতুন অধ্যায়। গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্রে আয়োজিত জনসম্মেলনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রামপদ জমাতিয়া। উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের কর্মকর্তারা।নতুন প্রকল্পে গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি ২৫৬ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। পাশাপাশি বছরে গ্যারান্টিযুক্ত কাজের দিন ১০০ থেকে ১২৫ দিনে উন্নীত করা হয়েছে।এদিন জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বক্তারা জানান, এই প্রকল্প গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, টেকসই সম্পদ সৃষ্টি এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি আত্মনির্ভর ও উন্নত গ্রাম গড়ার লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মজুরি ও কাজের দিন বাড়ানোর এই ঘোষণা কি সত্যিই বদলে দেবে গ্রামীণ অর্থনীতির ছবি? নাকি বাস্তবায়নের চ্যালেঞ্জই হবে সবচেয়ে বড় পরীক্ষা? আগামী দিনেই মিলবে সেই উত্তর।