ত্রিপুরা
img

সারপ্রাইজ ভিজিটে ফাঁস একের পর এক অনিয়ম!

রেশন শপ, অঙ্গনওয়ারি কেন্দ্র ও সরকারি স্কুলে আচমকা পরিদর্শনে মোহনপুর মহকুমা প্রশাসন। সেই সারপ্রাইজ ভিজিটেই সামনে এসেছে একাধিক অনিয়মের অভিযোগ। বন্ধ রেশন শপ থেকে শুরু করে স্কুলের বিভিন্ন ত্রুটি—প্রশাসনের নজরে এসেছে বেশ কিছু বিষয়। বৃহস্পতিবার মোহনপুর ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন রেশন শপ, অঙ্গনওয়ারি কেন্দ্র ও সরকারি স্কুলে সারপ্রাইজ ভিজিট চালায় মহকুমা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস।পরিদর্শনের সময় একাধিক অনিয়ম ধরা পড়ে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। নির্ধারিত সময়ে বিজয়নগর-২ রেশন শপ বন্ধ পাওয়া যায়। পাশাপাশি বিজয়নগর এস বি স্কুলেও বেশ কিছু অনিয়ম নজরে আসে।প্রতিটি বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক। প্রশাসনের দাবি, সরকারি পরিষেবার মান বজায় রাখতেই এই ধরনের আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে।শুধু একদিনের অভিযান নয়, আগামী দিনেও এই ধরনের সারপ্রাইজ ভিজিট অব্যাহত থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন মহকুমা শাসক শান্তনু বিকাশ দাস। এই অভিযানে কি বদলাবে সরকারি পরিষেবার চিত্র? নাকি অনিয়মের তালিকায় আরও নতুন নাম যুক্ত হবে? এখন সেদিকেই নজর সবার।
রেশন শপ থেকে স্কুল—প্রশাসনের নজরে একাধিক গাফিলতি