
পোষা কুকুর রাখলেই আর শুধু ভালোবাসা নয়, এবার আইনি দায়িত্বও পালন করতে হবে। কুকুরের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার নির্দেশ দিল রাজস্থান হাইকোর্ট। শুধু তাই নয়, এই নির্দেশ বাস্তবায়নে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তারও বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালত। কী বলছে আদালত? পোষা কুকুরের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং দায়বদ্ধতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে রাজস্থান হাইকোর্ট।আদালত জানিয়েছে, সব পোষা কুকুরের বাধ্যতামূলক নিবন্ধন নিশ্চিত করতে হবে। যদি কোনও মালিক রেজিস্ট্রেশন না করান, তাহলে তাঁর বিরুদ্ধে জরিমানা-সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে।এছাড়াও আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে, এই নির্দেশ কার্যকর করতে ইতিমধ্যে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে দ্রুত ব্যবস্থা নিয়ে আদালতে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।বিশেষজ্ঞদের মতে, বাধ্যতামূলক নিবন্ধনের মাধ্যমে কুকুরের টিকাকরণ, মালিকের পরিচয়, পথকুকুর ও পোষা কুকুরের পৃথকীকরণ এবং জনস্বাস্থ্য সংক্রান্ত নজরদারি আরও সহজ হবে।এখন নজর, আদালতের নির্দেশ অনুযায়ী সরকার কত দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় এবং নিয়ম না মানা মালিকদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করা হয়। রাজস্থান হাইকোর্টের এই নির্দেশ কি সারা দেশেই পোষা প্রাণী নিবন্ধনের নতুন মানদণ্ড তৈরি করবে? সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন সবার নজর। রাজস্থান হাইকোর্টের কড়া নির্দেশ, সরকারের কাছে চাইল পদক্ষেপের রিপোর্ট