
ডি.ওয়াই.এফ.আই মোহনপুর মহকুমা কমিটির সভাপতি সুব্রত গোপ ও কর্মী রতন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সরব হল সিপিআইএম।
অভিযোগ, মোহনপুর বিধানসভার হরিণাখলা এলাকায় এক কর্মীর বাড়িতে সংগঠনের কাজে গেলে যুব সংগঠনের নেতাদের উপর হামলা চালানো হয়।পরে তাদের ফেলে আসা বাইকে গাঁজা রেখে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি সিপিআইএমের।এই ঘটনাকে কেন্দ্র করে লেম্বুছড়া এলাকায় এসডিপিও মোহনপুর আশীষ দাশগুপ্তের অফিসে মিছিল করে ডেপুটেশন দেয় সিপিআইএম মোহনপুর বিভাগীয় কমিটি।উপস্থিত ছিলেন বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার, সিপিআইএম মোহনপুর বিভাগীয় সম্পাদক সুদীপ দেবনাথ, পার্থ দাস সহ অন্যান্য নেতৃত্ব।বাম নেতৃত্বের দাবি, এটি একটি রাজনৈতিকভাবে প্রভাবিত মামলা এবং পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।তাদের হুঁশিয়ারি, মামলা প্রত্যাহার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে দল।অন্যদিকে, এই অভিযোগ ঘিরে প্রশাসনের ভূমিকা ও তদন্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।