ত্রিপুরা
img

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় বিধায়ক ফয়জুর রহমানকে

রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হলো ত্রিপুরার প্রাক্তন বনমন্ত্রী ও বর্ষিয়ান সিপিআই(এম) নেতা ফয়জুর রহমানকে। শনিবার ভোররাতে প্রায় ১টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার লালছড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর।খবর ছড়িয়ে পড়তেই লালছড়া ও আশপাশের এলাকা থেকে রাজনৈতিক নেতা-কর্মী, প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান তাঁর বাসভবনে। শনিবার বিকেল প্রায় ৩টায় তাঁর বাসভবনের সামনে ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানরা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এরপর ধর্মীয় রীতি অনুসারে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন বিধানসভার বিধায়ক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ। দীর্ঘ রাজনৈতিক জীবনে আটবার বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করা এই জননেতার প্রয়াণে গোটা রাজ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। উত্তর ত্রিপুরা থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গাতেই এখন শুধুই স্মৃতিচারণা।
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অধ্যায়ের ইতি—ফয়জুর রহমানের শূন্যতা কি কখনও পূরণ হবে? স্মৃতিতে থেকে যাবে তাঁর জনসেবার অধ্যায়, আর উত্তর খুঁজবে রাজ্যের রাজনৈতিক ইতিহাস।