
গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে চর্চার কেন্দ্রে ‘ককরোচ জনতা পার্টি’। এবার সেই বিতর্ক আরও তীব্র হতে চলেছে। দিল্লির যন্তর মন্তরে বিশাল সমাবেশের ডাক দিয়েছেন পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। এই সমাবেশকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা, আর রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে আলোচিত নাম এখন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি। শনিবার দিল্লির যন্তর মন্তরে বড় সমাবেশের ডাক দিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। জানা গেছে, সমাবেশকে ঘিরে সতর্ক রয়েছে প্রশাসন। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। খাতায়-কলমে রাজনৈতিক দল না হলেও, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে সিজেপি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে বিতর্কও কম নয়। সম্প্রতি সংগঠনের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে, সমাবেশে বিশিষ্ট পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক উপস্থিত থাকতে পারেন বলেও জল্পনা ছড়িয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। অভিজিৎ ডিপকের দেশে ফেরার পর এই প্রথম বড় কর্মসূচি হওয়ায় রাজনৈতিক মহল, প্রশাসন এবং সাধারণ মানুষের নজর এখন যন্তর মন্তরের দিকেই। যন্তর মন্তরের এই সমাবেশ কি শুধুই প্রতিবাদের মঞ্চ, নাকি দেশের রাজনীতিতে নতুন কোনও বার্তার সূচনা? হাজারো প্রশ্নের উত্তর মিলতে পারে আজকের জমায়েতেই। এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।