
টলিউডে যেন নতুন হাওয়া। দীর্ঘদিনের বিতর্ক, অভিযোগ আর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন বহু শিল্পী-কলাকুশলী। কেউ বলছেন স্বাধীনতার শুরু, কেউ আবার প্রশ্ন তুলছেন গোটা ব্যবস্থার বিরুদ্ধে। তোলাবাজি ও নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস। আর সেই খবর সামনে আসতেই স্টুডিওপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। বহুদিন ধরে টলিউডের একচ্ছত্র নিয়ন্ত্রণের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের মতে, কোনও শিল্পক্ষেত্রেই ভয় ও অধীনতার পরিবেশ থাকা উচিত নয়। অন্যদিকে অনির্বাণ ভট্টাচার্য ও ঋদ্ধি সেনের মতো শিল্পীদের দীর্ঘদিন কাজের ক্ষেত্রে বাধার মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ।শ্রীলেখা মিত্র অবশ্য শুধু একজন ব্যক্তিকে দায়ী করতে নারাজ। তাঁর মতে, সমস্যার শিকড় রয়েছে পুরো ব্যবস্থার মধ্যেই।রাজনৈতিক মহলেও ছিল এই বিতর্কের প্রতিধ্বনি। ফেডারেশনের ভবিষ্যৎ নিয়ে আগেই সরব হয়েছিলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানোর দাবি করেছিলেন স্বপন দাশগুপ্তও।পুরনো অভিযোগও ফের সামনে আসছে। ২০২১ সালে একাধিক শিল্পী ও প্রযোজকের বিরুদ্ধে চাপ সৃষ্টি, অপমান এবং বয়কটের অভিযোগ উঠেছিল স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। স্বরূপ অধ্যায় শেষের পথে, নাকি এটাই টলিউডের নতুন লড়াইয়ের শুরু—উত্তর লুকিয়ে আগামী দিনের স্টুডিওপাড়ায়।