ত্রিপুরা
img

ভোমরাছড়ায় পঞ্চায়েতে তালা, তিপ্রা মথার বিক্ষোভ

অমরপুর মহকুমার অন্তর্গত ভোমরাছড়া ADC ভিলেজে পঞ্চায়েত কার্যালয় দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল এলাকায়। 
বুধবার সকালে তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকরা হঠাৎই পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অভিযোগ, টানা দুই দিন ধরে পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে RoR, জমির নামজারি, ট্রান্সফার সংক্রান্ত নথিপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ দূর-দূরান্ত থেকে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের আরও দাবি, বিষয়টি বারবার প্রশাসনের নজরে আনা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনগণের স্বার্থে তারা বাধ্য হয়েই এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় তৈরি হয় চাপা উত্তেজনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
কিন্তু প্রশ্ন উঠছে , কেন টানা বন্ধ ছিল পঞ্চায়েত কার্যালয়? এর পেছনে কি রয়েছে প্রশাসনিক গাফিলতি নাকি অন্য কোনো কারণ?