ত্রিপুরা
img

রামনগরে বিদ্যুৎ বিভ্রাটে জনরোষ

রামনগর চার নম্বর রোডের শেষ মাথায় টানা ৬ থেকে ৭ দিন ধরে বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তির অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, বারবার ১৯১২ নম্বরে ফোন করেও কোনো সাড়া মিলছে না, ফোনও সংযোগ হচ্ছে না দীর্ঘ সময় ধরে।
স্থানীয়দের আরও অভিযোগ, ওই এলাকায় দুটি নতুন ফ্ল্যাট তৈরি হলেও আলাদা ট্রান্সফর্মার বসানো হয়নি। ফলে একটি মাত্র ট্রান্সফর্মার থেকেই একাধিক সংযোগ দেওয়া হচ্ছে, যার কারণে অতিরিক্ত লোডে বারবার সেটি বিকল হয়ে পড়ছে। গতকাল রাতেও একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। ট্রান্সফর্মার বিকল হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা এবং রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরবর্তীতে তারা IGM চৌমুহনী বিদ্যুৎ দপ্তরে গিয়ে তীব্র প্রতিবাদ জানান এবং পরে প্রগতি বিদ্যাভবন সংলগ্ন বিদ্যুৎ দপ্তরেও গিয়ে সমস্যার সমাধানের দাবি তোলেন। দিনের পর দিন পরিষেবা না পেয়েও নিয়মিত বিদ্যুৎ বিল দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। তাদের দাবি, অবিলম্বে সমস্যার সমাধান না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
কিন্তু প্রশ্ন উঠছে .কেন বারবার বিকল হচ্ছে এই ট্রান্সফর্মার? নতুন ফ্ল্যাট নির্মাণেই কি বাড়ছে লোডের চাপ? আর কবে মিলবে এই দীর্ঘদিনের সমস্যার সমাধান?