
সামান্য বৃষ্টিতেই বাড়ির সামনে থৈ থৈ জল। যেন ছোটখাটো বন্যা পরিস্থিতি। কৈলাসহরের ভগবাননগর ৩ নম্বর ওয়ার্ডে জলবন্দি অবস্থায় দিন কাটছে মায়ারুন বিবি ও তাঁর পরিবারের।
ধর্মনগর-কৈলাসহর জাতীয় সড়কের পাশেই তাঁদের বসতঘর। অভিযোগ, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে এলাকার দুই ব্যক্তি কালভার্টের পাইপের একটি মুখ মাটি ফেলে বন্ধ করে দেয়। পরে সেখানে তৈরি করা হয় কংক্রিটের কাঠামোও।এর ফলে জল বের হওয়ার স্বাভাবিক পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক বৃষ্টির পর সেই জল এখন ঢুকে পড়ছে বাড়ির উঠোনে। চারদিকে জমে থাকা নোংরা জলে চরম দুর্ভোগে পড়েছেন পরিবারের সদস্যরা।ভুক্তভোগীর দাবি, বিষয়টি নিয়ে মহকুমা শাসক, কৈলাসহর থানা এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মেলেনি কোনও কার্যকর সমাধান।স্থানীয়দের একাংশও দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, বর্ষা আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে।
একদিকে জমে থাকা নোংরা জল… অন্যদিকে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ।কৈলাসহরের এই জলাবদ্ধতা এখন শুধু এক পরিবারের সমস্যা নয়, উঠছে বড় প্রশ্নও।কেন বন্ধ করা হল কালভার্টের জল নিষ্কাশনের পথ?লিখিত অভিযোগের পরও কেন মিলল না সমাধান?বর্ষা যত এগোচ্ছে, ততই বাড়ছে আতঙ্ক… আর এখন সবার নজর—প্রশাসন আদৌ কবে নড়েচড়ে বসে।