
“মা”—একটি শব্দ, যার সঙ্গে জড়িয়ে থাকে নিঃস্বার্থ ভালোবাসা আর অনন্ত অপেক্ষা।মায়ের অপেক্ষা যেন আর শেষই হচ্ছে না। ছয় মাস ধরে নিখোঁজ একমাত্র ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন আশি বছরের বৃদ্ধা মা। থানার দরজা থেকে নেতাদের বাড়ি—সব জায়গায় ঘুরেও মেলেনি কোনো খোঁজ।
জানা যায়, প্রায় ছয় মাস আগে সামান্য পারিবারিক অশান্তির জেরে বাড়ি থেকে বেরিয়ে যান গৌতম নম। কিন্তু সময় পেরিয়ে গেলেও আর ফেরেননি তিনি। এরপর শুরু হয় এক মায়ের অসহায় খোঁজ। আত্মীয়স্বজনের বাড়ি, থানার দ্বারস্থ হওয়া, স্থানীয় নেতাদের কাছে আবেদন—সব জায়গায় গিয়েও মেলেনি কোনো উত্তর। বৃদ্ধা মায়ের অভিযোগ, এখনও পর্যন্ত তার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সোমবার সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। রাজ্যের মানুষের কাছে হাতজোড় করে আবেদন জানান—যদি কেউ তার ছেলে গৌতম নমের খোঁজ জানেন, তবে যেন তাকে ফিরিয়ে দেওয়া হয় মায়ের বুকে। প্রশ্ন উঠছে—একজন যুবক ছয় মাস ধরে নিখোঁজ, অথচ এখনও কেন মিলছে না তার কোনো খোঁজ?
একদিকে সময়ের নিষ্ঠুর অপেক্ষা… অন্যদিকে এক মায়ের অশ্রু আর আকুতি। গৌতম নম কোথায়? তিনি কি নিরাপদে আছেন, নাকি এই নিখোঁজের আড়ালে লুকিয়ে রয়েছে আরও বড় কোনো অজানা রহস্য?