
রাজধানী আগরতলার বুকে ফের বিতর্কিত ঘটনা। ফায়ার সার্ভিস অফিসের সামনেই গাড়ি দাঁড় করিয়ে ভিতরে বসে মদ্যপান ও বিরিয়ানি খাওয়ার অভিযোগ। আর গাড়ি সরাতে বলতেই ফায়ারম্যানদের সঙ্গে বচসা থেকে হাতাহাতি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ।
ঘটনাটি আগরতলা ফায়ার সার্ভিস অফিসের সামনে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, TR01S0777 নম্বরের একটি গাড়ি দীর্ঘক্ষণ রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়। গাড়ির ভিতরে বসেই কয়েকজন ব্যক্তি মদ্যপান ও বিরিয়ানি-মাংস খাচ্ছিলেন বলে অভিযোগ।ফায়ার সার্ভিসের কর্মীরা একাধিকবার এসে গাড়িটি সরানোর অনুরোধ জানান। কিন্তু অভিযোগ, গাড়ি সরানোর বদলে উল্টে উত্তেজিত হয়ে পড়েন গাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা। শুরু হয় তর্কাতর্কি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক ফায়ারম্যানের উপর হাত তোলার অভিযোগও ওঠে।মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।সরকারি জরুরি পরিষেবার সামনে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও। প্রশ্ন উঠছে— আইন-শৃঙ্খলার তোয়াক্কা না করেই কীভাবে প্রকাশ্যে এমন বেপরোয়া আচরণ?
ফায়ার সার্ভিসের মতো জরুরি পরিষেবার সামনেই কেন এমন দাদাগিরি?মদ্যপ অবস্থায় কি ইচ্ছাকৃতভাবেই ঝামেলা বাঁধানো হয়েছিল?আর হামলার অভিযোগে শেষ পর্যন্ত কার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় পুলিশ— এখন সেদিকেই নজর সকলের।