
জোলাইবাড়ীর বনবিহার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মালবাহী ট্রিপার ও যাত্রীবাহী টাটা মেজিক গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৫ জন যাত্রী। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে জেলা হাসপাতালে। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার বেলা আনুমানিক ১টা নাগাদ বিলোনীয়া-জোলাইবাড়ী সড়কের বনবিহার এলাকায় ঘটে এই দুর্ঘটনা। জানা যায়, টি আর ০৮ ই ১৫৭৫ নম্বরের মালবাহী ট্রিপার গাড়ীর সঙ্গে টি আর ০৩ এ ২৬১৩ নম্বরের যাত্রীবাহী টাটা মেজিক গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে টাটা মেজিকে থাকা ৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় জোলাইবাড়ী দমকল বাহিনীর কর্মীরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেন। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল ইনচার্জ রাকেশ চৌধুরী।
একের পর এক সড়ক দুর্ঘটনায় ফের প্রশ্নের মুখে রাস্তার নিরাপত্তা ব্যবস্থা। বনবিহারের এই ভয়াবহ সংঘর্ষের পেছনে কি বেপরোয়া গতি, নাকি চালকের অসাবধানতা? তদন্ত শুরু করেছে পুলিশ।