
ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখতে শুক্রবার হাসপাতালে পরিদর্শনে যান ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী। বিধায়ক হওয়ার পর এই প্রথম জেলা হাসপাতাল ঘুরে দেখেন তিনি।
হাসপাতালের রোগীর চাপ থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতা— একাধিক বিষয় নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন তিনি।বিধায়ক জানান, ১০০ বেডের হাসপাতালে রোগীর চাপ ক্রমশ বাড়ছে। তাই পুরনো মহকুমা হাসপাতাল পুনরায় চালু করার দাবি তোলেন তিনি। পাশাপাশি হাসপাতালের বাথরুম ও শৌচালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মীদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান বিধায়ক।
পরিকাঠামোর সীমাবদ্ধতা আর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন— সবমিলিয়ে ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে বাড়ছে আলোচনা। এবার কি সত্যিই খুলবে পুরনো মহকুমা হাসপাতাল? সেই দিকেই নজর এখন সকলের।