
বুধবার গভীর রাতে তেলিয়ামুড়া থানার পুলিশের তৎপরতায় ফাঁস হয়ে যায় আরও এক মাদক চক্রের নীলনকশা। মহারানীপুর এলাকায় সন্দেহজনক ইকো গাড়ি (TR01BV0637) আটকাতে গেলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিতে উদ্ধার হয় ৬০০-রও বেশি অবৈধ এস কফের বোতল, যার বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা। গাড়িটি আগেও একই মাসে বিদেশি মদসহ ধরা পড়েছিল বলে জানা যায়। ফলে একই গাড়ি ব্যবহার করে দীর্ঘদিন মাদক কারবার চলার আশঙ্কা বাড়ছে। এই চক্রের সঙ্গে একাধিক এলাকার যুবকের যোগ থাকার সন্দেহ করছে পুলিশ। বর্তমানে পলাতক চালকের খোঁজে তল্লাশি চলছে। তাকে ধরলেই পুরো চক্রের পর্দাফাঁস হতে পারে বলে মনে করছে তদন্তকারীরা।
একই গাড়ি, বারবার অপরাধ, আর কোটি টাকার মাদক কারবারের ইঙ্গিত— সব মিলিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে তেলিয়ামুড়ায়। এখন সবার নজর পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকে। পলাতক চালক ধরা পড়লেই কি বেরিয়ে আসবে গোটা সিন্ডিকেটের অন্দরমহলের চাঞ্চল্যকর তথ্য? এখন সেই অপেক্ষায় তেলিয়ামুড়া।