
উন্নয়নের বড় বড় দাবির মাঝেই সামনে এল এক ভয়াবহ বাস্তব ছবি। উরমাই বাজার থেকে কৃষ্ণ চৌমুহনী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ।
স্থানীয়দের দাবি, একসময় যে রাস্তায় স্বাভাবিকভাবে যান চলাচল করত, এখন সেখানে পিচ বা ইটের কোনো অস্তিত্বই নেই। চারদিকে শুধু বড় বড় গর্ত আর ভাঙাচোরা রাস্তা। এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষ। সামান্য অসাবধান হলেই দুর্ঘটনার আশঙ্কা থাকছে প্রতি মুহূর্তে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত থেকে প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। অথচ কম জনসংখ্যার অনেক এলাকাতেও উন্নত রাস্তা তৈরি হলেও এখানে কেন এই অবহেলা—তা নিয়েই উঠছে প্রশ্ন। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কার এবং ড্রেনেজ সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
উন্নয়নের দাবি যতই জোরালো হোক, এই রাস্তার ছবি যেন অন্য গল্প বলছে। ৮ বছরের দুর্ভোগের পরও কেন নীরব প্রশাসন? আর কতদিন গর্ত আর নোংরা জল পেরিয়ে জীবন বাজি রেখে চলতে হবে সাধারণ মানুষকে? এখন সেই প্রশ্নেই সরব গোটা এলাকা…