ত্রিপুরা
img

সিধাইয়ে নিরীহ পরিবারের উপর নৃশংস হামলার অভিযোগ!

সিধাই থানাধীন সাতডুবিয়া গ্রামে এক নিরীহ পরিবারের উপর বর্বরোচিত হামলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
অভিযোগ, ছেলেকে ভিন্ন জাতির মেয়ের সঙ্গে বিয়ে দেওয়াকেই ‘অপরাধ’ মনে করে প্রতিবেশী প্রভাবশালী পরিবার লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় মা, ছেলে ও পুত্রবধূর উপর। আর সবচেয়ে বড় প্রশ্ন— থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরও কেন নীরব পুলিশ? হামলায় গুরুতর আহত হন পুতুল সরকার, তাঁর ছেলে টিটু সরকার এবং পুত্রবধূ সরস্বতী তাঁতি। আক্রান্ত পরিবারের দাবি, টিটু সরকার ভিন্ন জাতির এক মেয়েকে বিয়ে করায় ক্ষুব্ধ ছিল অভিযুক্তরা। সেই ক্ষোভ থেকেই এই হামলা বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর নির্যাতিত পরিবার সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও, এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। উল্টে মামলা করার ‘অপরাধে’ ফের হুমকির মুখে পড়তে হচ্ছে পরিবারটিকে। এলাকাবাসীর একাংশও প্রশ্ন তুলতে শুরু করেছেন—তবে কি প্রভাবশালীদের চাপে নীরব প্রশাসন?নাকি পর্দার আড়ালে রয়েছে অন্য কোনো সমীকরণ?এখন আতঙ্কে দিন কাটছে আক্রান্ত পরিবারটির।
একদিকে ভিন্ন জাতিতে বিয়ে…অন্যদিকে প্রভাবশালীদের হুমকি…আর সবকিছুর মাঝেই পুলিশের রহস্যজনক নীরবতা—তাহলে কি সত্যিই বিচার পাবে এই পরিবার?নাকি প্রভাবের জোরেই ধামাচাপা পড়ে যাবে গোটা ঘটনা?এখন সেদিকেই তাকিয়ে গোটা সাতডুবিয়া…