
ত্রিপুরায় বিরোধীদের উপর রাজনৈতিক চাপ আরও বাড়াতে এবার সাংগঠনিক শক্তি মজবুত করার পথে হাঁটছে শাসক দল বিজেপি। আর সেই লক্ষ্যেই ঊনকোটি জেলার ফটিকরায়ে শুরু হয়েছে দুদিনব্যাপী মন্ডল প্রশিক্ষণ বর্গ।
দলীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন বিজেপি ফটিকরায় মন্ডল কমিটির সভাপতি তরুণ কুমার দাস। উপস্থিত ছিলেন মন্ত্রী Sudhangshu Das, মন্ত্রী Tinku Roy, সাধারণ সম্পাদক মনোজ পাল চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য নেতৃত্ব।বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, অটল বিহারী বাজপেয়ি ও এলকে আদবানির হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, আজ সেই বিজেপিই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তিনি আরও দাবি করেন, বর্তমানে দেশের ২২টিরও বেশি রাজ্যে বিজেপির সরকার রয়েছে এবং ত্রিপুরায় বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি উন্নয়নের নতুন দিশা দেখিয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক সময়ে সংগঠনের ভিতরে দেখা দেওয়া দুর্বলতা ও ক্ষোভ কাটাতেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন।
প্রশিক্ষণের আড়ালে কি শুধুই সাংগঠনিক পাঠ, নাকি আগামী রাজনৈতিক লড়াইয়ের আগে বড় রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির অন্দরে।