
খোয়াই শহরের প্রাণকেন্দ্রে চলতে থাকা বক্স কালভার্ট নির্মাণকে ঘিরে বাড়ছে ক্ষোভ ও আতঙ্ক। ধীরগতির কাজ এবং অদূরদর্শী পরিকল্পনার অভিযোগে এবার সরব স্থানীয় ব্যবসায়ীরা।
দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে নির্মাণকাজ চললেও এখনও সম্পূর্ণ হয়নি প্রকল্প। আর তার জেরেই একাধিক দোকানঘর এখন ঝুঁকির মুখে বলে দাবি ব্যবসায়ীদের।স্থানীয় সূত্রে খবর, সামান্য বৃষ্টি হলেই দোকানের নিচের মাটি ধসে যাচ্ছে। সবচেয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে সুভাষ পার্ক কমার্শিয়াল কমপ্লেক্স সংলগ্ন ব্যবসায়ী সুশান্ত নাথের দোকান।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনকে বারবার জানানো হলেও স্থায়ী কোনো সমাধান করা হচ্ছে না। সকালে মাটি ফেলে ভরাট করা হলেও বিকেলের মধ্যেই সেই মাটি সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।ফলে একদিকে যেমন ধসের আশঙ্কা বাড়ছে, অন্যদিকে সামান্য বৃষ্টিতেই শহরের মূল সড়কে জল জমে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি।এখন আতঙ্কে দিন কাটছে ব্যবসায়ীদের। যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
প্রশাসনের এই গাফিলতির মাশুল কি শেষ পর্যন্ত বড় দুর্ঘটনা হয়ে সামনে আসবে? নাকি সময় থাকতে জেগে উঠবে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ? এখন সেই প্রশ্নেই উদ্বিগ্ন খোয়াই শহর।