ত্রিপুরা
img

এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন সারদাপল্লী! কুমারঘাটে চরম দুর্ভোগে এলাকাবাসী..

এক পশলা বৃষ্টি, আর তাতেই কার্যত জলমগ্ন হয়ে পড়ছে গোটা এলাকা।ঊনকোটি জেলার কুমারঘাট পৌর পরিষদের সারদাপল্লী এলাকায় দীর্ঘদিনের জল দুর্ভোগ ঘিরে এবার ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।
রাস্তা জুড়ে হাঁটু জল, ঘরে ঢুকছে নর্দমার নোংরা জল চরম সমস্যায় পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সমস্যা চললেও মেলেনি স্থায়ী সমাধান। প্রতিশ্রুতি মিলেছে, কিন্তু বাস্তবে বদলায়নি পরিস্থিতি। তাহলে উন্নয়নের দাবি কোথায়? আর কতদিন এভাবেই জলবন্দি অবস্থায় দিন কাটাতে হবে মানুষকে?এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই সমস্যায় ভুগছেন তারা। স্থানীয় জনপ্রতিনিধিদের বহুবার জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি আজও। স্থানীয় বাসিন্দা জানান, পর্যাপ্ত নর্দমা ব্যবস্থা না থাকায় কুমারঘাট রেল স্টেশনের জল গড়িয়ে চলে আসে সারদাপল্লী এলাকায়। এলাকায় ড্রেন নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবে কোনও উন্নতি হয়নি। সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে রাস্তা ও ঘরে জল ঢুকে পড়ছে।এলাকার বাসিন্দা আরতি মিত্র-র অভিযোগ, বিষয়টি নিয়ে বিধায়ককে একাধিকবার জানানো হলেও ভোটের পর আর কোনও উদ্যোগ দেখা যায়নি।স্থানীয়দের দাবি, প্রায় দুই শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে এই জল দুর্ভোগের শিকার। বৃষ্টি হলেই কার্যত জলবন্দি হয়ে পড়ে গোটা এলাকা।
বছরের পর বছর জল দুর্ভোগ,তবুও মিলছে না স্থায়ী সমাধান...উন্নয়নের দাবি আর বাস্তবের এই জলমগ্ন চিত্র—তাহলে কি প্রশ্নের মুখে শহরাঞ্চলের পরিকাঠামো?আর কতদিন নর্দমার জলেই ভাসবে সারদাপল্লীর মানুষের স্বাভাবিক জীবন?এখন সেই ক্ষোভই ছড়িয়ে পড়ছে গোটা কুমারঘাট জুড়ে…