
ত্রিপুরার প্রবেশদ্বারেই আতঙ্ক, কার ছত্রছায়ায় চলছে এই দৌরাত্ম্য? আগরতলা এমবিবি বিমানবন্দর… রাজ্যের গর্ব, পর্যটনের প্রবেশদ্বার। অথচ সেই বিমানবন্দরেই এখন যাত্রীদের অভিযোগ—অটোচালকদের দাদাগিরি, সিন্ডিকেট রাজ আর মদ্যপ চালকদের তাণ্ডব।রবিবার এক বিমানযাত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। যেখানে উন্নয়নের কথা বলছে সরকার, সেখানে কেন বিমানবন্দরের বাইরে সাধারণ যাত্রীদের নিরাপত্তাহীনতা?প্রতিদিন শত শত যাত্রী পা রাখছেন এখানে।কিন্তু বিমানবন্দরের বাইরে বেরোতেই যেন অন্য এক বাস্তবতা। অভিযোগ—একদল অটোচালক গড়ে তুলেছে অঘোষিত সিন্ডিকেট। ভাড়ার নির্দিষ্ট তালিকা থাকলেও তা মানার কোনো বালাই নেই। যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া রবিবার কলকাতা থেকে আগরতলায় আসা এক যাত্রীর অভিযোগ, বিমানবন্দর থেকে এডিনগর যাওয়ার জন্য ১৮০ টাকায় অটো ভাড়া করেন তিনি। কিন্তু মাঝপথে রাধানগরে নামিয়ে দিয়ে পুরো ভাড়া দাবি করে চালক। প্রতিবাদ করতেই শুরু হয় অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকি। যাত্রীদের বাধ্য করা হয় দূরে গিয়ে অটো ধরতে।বয়স্ক মানুষ, রোগী কিংবা ভারী লাগেজ নিয়ে আসা যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিদিন।সবচেয়ে বড় প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে।বিমানবন্দর থানার নাকের ডগায় যদি এমন অভিযোগ ওঠে, তাহলে আইন-শৃঙ্খলা কোথায়?