
রাজনগর বিধানসভা কেন্দ্রের সিদ্ধিনগর তহশীলের একিনপুর এলাকায় ঘটে গেল হৃদয়বিদারক দুর্ঘটনা।মৃত ব্যক্তির নাম রতন ভৌমিক, । পেশায় তিনি ছিলেন এক দরিদ্র শ্রমজীবী।
জানা গেছে, শুক্রবার নিজের বাড়িতে মাটি কাটার কাজ করছিলেন তিনি। সেই সময় আচমকাই মাটির ধ্বস নেমে তাকে সম্পূর্ণভাবে চাপা দেয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার সঞ্জয় শীল সহ মহকুমা প্রশাসনের কর্মীরা।পরে পূর্ত দপ্তরের ড্রেজার এনে মাটি সরিয়ে রতন ভৌমিকের নিথর দেহ উদ্ধার করা হয়।ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে নিহারনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।জানা গেছে, রতন ভৌমিকই ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী। তাঁর আকস্মিক মৃত্যুতে চরম বিপাকে পড়েছে পরিবার।স্ত্রী কান্নায় ভেঙে পড়েছেন, দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সব ধরনের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
অসতর্কতার এক মুহূর্তেই মুছে গেল জীবনের স্বপ্ন—এখন প্রশ্ন, কবে নিরাপত্তা নিয়ে বাড়বে সচেতনতা?