ত্রিপুরা
img

৪৬ বছরে পা দিল বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি

আজ ভারতীয় জনতা পার্টির ৪৬তম প্রতিষ্ঠা দিবস। ১৯৮০ সালের আজকের দিনেই পথচলা শুরু করেছিল এই রাজনৈতিক দল। সারা দেশের সাথে সাথে ত্রিপুরা রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। আজ সকালে আগরতলার কৃষ্ণনগরস্থিত প্রদেশ বিজেপি সদর দপ্তরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে তৈরি হয়েছিল ভারতীয় জনসংঘ। পরবর্তীতে জরুরি অবস্থার পর ১৯৭৭ সালে একাধিক দলের সাথে মিশে জনতা পার্টি গঠিত হলেও, ১৯৮০ সালের ৬ এপ্রিল জন্ম নেয় আজকের ভারতীয় জনতা পার্টি। দলের প্রথম সভাপতি ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ৪৬ বছরের এই যাত্রায় আজ বিজেপি বিশ্বের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে।এদিন সকালে আগরতলার বিজেপি সদর দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। পতাকা উত্তোলনের পর সেখানে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন:বিজেপি সর্বভারতীয় সহ-সভানেত্রী লতা হোসেন,জাতীয় এস টি মোর্চার সভাপতি সমীর ওরাম,বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়,আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য দলের লড়াই ও ত্যাগের ইতিহাস তুলে ধরেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমাদের গর্ব করা উচিত যে আমরা এমন একটি আদর্শবাদী দলের সৈনিক।"
প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজ রাজ্যজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগরতলার পাশাপাশি মন্ডল স্তরেও বিভিন্ন সেবামূলক ও সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।