
ফের রক্তাক্ত ৮ নম্বর জাতীয় সড়ক। তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকায় কাঠ বোঝাই লরি ও দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ৪ জন। সোমবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সোমবার সকাল। তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকায় জাতীয় সড়কের ওপর দিয়ে দ্রুত গতিতে আসছিল একটি কাঠের লগ বোঝাই গাড়ি। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা দুটি বাইকের সাথে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, বাইক দুটি দুমড়ে মুচড়ে যায় এবং আরোহীরা ছিটকে পড়েন রাস্তার ওপর।দুর্ঘটনা চাক্ষুষ করার সাথে সাথেই স্থানীয় বাসিন্দারা খবর দেন তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। তারা রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে নিয়ে আসেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।কর্তব্যরত চিকিৎসক আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে জানান, চারজনের মধ্যে তিনজনের আঘাত অত্যন্ত গুরুতর। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার লক্ষ্যে ওই তিনজনকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। বর্তমানে চতুর্থ আহত ব্যক্তি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চিকিৎসাধীন।
সকালের এই ভয়াবহ দুর্ঘটনা এবং হাসপাতালের পরিষেবা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে জনমনে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।