
আসন্ন নির্বাচনে তিপ্রা মথা প্রার্থী ধীরেন্দ্র দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন বিধায়ক পল ডাংশু। ডেমছড়া-কাচুছড়া টিটিএএডিসি কেন্দ্রের অন্তর্গত প্রতিটি এলাকায় নিজে উপস্থিত থেকে প্রচারের কাজ সামলাচ্ছেন তিনি। এরই অঙ্গ হিসেবে দক্ষিণ ধুমাছড়া ভিসিতে আয়োজিত এক কর্মসূচিতে বড়সড় সাফল্য পেল দল।
মাধন মোহন পাড়া এলাকায় আয়োজিত একটি বিশেষ যোগদান কর্মসূচিতে বিধায়ক পল ডাংশুর উপস্থিতিতে অন্য দল ত্যাগ করে ১৫ জন ভোটার তিপ্রা মথায় শামিল হন। ৫টি পরিবারের এই সদস্যরা তিপ্রা মথার আদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বিধায়ক নিজে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের বরণ করে নেন।নিজের বিধানসভা এলাকার প্রার্থীদের সঙ্গে সময় দেওয়ার পাশাপাশি এককভাবেও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন পল ডাংশু। ঘরোয়া বৈঠক থেকে শুরু করে বড় সভা—সর্বত্রই ধীরেন্দ্র দেববর্মার সমর্থনে ঝড় তুলছেন তিনি। দলীয় নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে এলাকায় সংগঠনের ভিত আরও মজবুত হলো।
এদিনের এই কর্মসূচিতে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন তিপ্রা মথার অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক তৎপরতা বাড়ছে ওই এলাকায়।